আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ পরবর্তী নতুন সরকারের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। এই মহা-আয়োজনকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সাথে নিবিড় যোগাযোগ শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ফোন করেন তারেক রহমান। টেলিফোনে আলাপকালে তিনি আমিরে হেফাজতকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানান। আল্লামা বাবুনগরীর ঘনিষ্ঠ সূত্র এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন বাংলাদেশের পথচলায় ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরতেই তারেক রহমানের এই উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখানেই শেষ নয়, আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম-এর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সেখানে দুই নেতার মধ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিআইসি)। এরপর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্র ও ধর্মের সেতুবন্ধন রচনার এই ইঙ্গিতপূর্ণ পদক্ষেপগুলো শপথের আগেই দেশজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।